নিউজটি শেয়ার করুন

খাগড়াছড়িতে পুশ-ইন এর চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

সিপ্লাস ডেস্ক: বাংলাদেশ-ভারতের খাগড়াছড়ির রামগড় আন্তর্জাতিক সীমান্তের ফেনী নদী দিয়ে আবারও এক মানসিক ভারসাম্যহীনকে অবৈধভাবে পুশ-ইন এর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে স্থানীয় ও বিজিবি সদস্যরা।

এ নিয়ে উত্তেজনা দেখা দেয়ায় রাতে দুই দেশের উচ্চ সীমান্তরক্ষী বাহিনীর বৈঠকে মানসিক ভারসাম্যহীন এ নাগরিককে ভারতে রেখেই তার পরিচয় শনাক্তের কার্যক্রম চালানোর সিদ্ধান্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (০১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে রামগড় সীমান্তের থানা ঘাট এলাকার ফেনী নদী দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের সাব্রুম থেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মানসিক ভারসাম্যহীন এক পুরুষকে মারধর করে বাংলাদেশে পুশ-ইন এর চেষ্টা করে।

রামগড়ের স্থানীয়রা বিষয়টি দেখে স্থানীয় ক্যাম্পে খবর দিলে বিজিবি জোয়ানরা নদীর পাড়ে অবস্থান নিয়ে পুশ-ইন চেষ্টা ব্যর্থ করে দেয়।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যন্ট কর্নেল তারিকুল হাকিম জানান, বিজিবির প্রতিরোধের মুখে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বিএসএফ ফেরত  নিলেও সীমান্ত অবস্থান করায় দুই পাড়ে উত্তেজনা বিরাজ করছিল। এ জন্য রামগড়ের মহামুনী এলাকায় নির্মাণাধীন ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু ১ এলাকায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

শুক্রবার রাত পৌনে ৯টা থেকে সোয়া ৯টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি গুইমারা সেক্টরের কমান্ডার কর্নেল জি এইচ এম সেলিম হাসান। বৈঠকে মানসিক ভারসাম্যহীন এ নাগরিককে ভারতে রেখেই তার পরিচয় শনাক্তের কার্যক্রম চালানোর সিদ্ধান্ত হয়।

এর আগে, গত ২ এপ্রিল সীমান্তের একই এলাকা দিয়ে মানসিক ভারসাম্যহীন এক নারীকে অবৈধ ভাবে পুশ-ইন করে বিএসএফ।