সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়িতে অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণা, অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা এবং কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে খাগড়াছড়িতে মো. জগলুল ফারুক সিফাত (৩০) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জেলা প্রশাসন। এ সময় তার সঙ্গে থাকা স্ত্রী কন্যাদের পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসনের এনডিসি উজ্জ্বল কুমার হাওলাদার।
তিনি বলেন, জগলুল ফারুক সিফাত নামে এক ব্যক্তি অতিরিক্ত সচিব পরিচয়ে সার্কিট হাউসে দায়িত্বরতদের সঙ্গে অশোভন আচরণ করেন। পরে দেখা যায় তিনি ভুয়া পরিচয় দিয়ে সার্কিট হাউসে অবস্থান ও সুবিধা নেয়ার চেষ্টা করেছেন। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানায়, সকাল ১০টার দিকে জেলা প্রশাসন থেকে খবর পেয়ে অতিরিক্ত সচিব পরিচয়দানকারী মো. জগলুল ফারুক সিফাত (৩০), তার স্ত্রী মোছা. জান্নাতুন ফেরদৌস (২৫) ও শিশু কন্যাকে খাগড়াছড়ি থানায় নিয়ে আসা হয়।
জগলুল ফারুক সিফাত পটুয়াখালীর গলাচিপার ফারুক সিকদারের ছেলে। বর্তমানে ঢাকার মিরপুরের বাসা নং ১৩, রোড নং ৩৬৮।
খাগড়াছড়ি সদর থানার এসআই খায়রুল আলম জানান, অপরের পরিচয়ে প্রতারণার অভিযোগে আটককৃত জগলুল ফারুক সিফাতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের তোলা হবে।








