খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির রায় দিয়েছে আদালত।
খাগড়াছড়ির নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রেজা মো. আলমগীর হোসেন বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।
এছাড়া আদালত তাকে এক লাখ টাকা জরিমানা করেছে।
সাজাপ্রাপ্ত রবিউল ইসলাম (২৫) জেলার মহালছড়ি উপজেলার কেয়াংঘাট ইউনিয়নের নতুন পাড়া এলাকার বাসিন্দা।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
ওই আদালতের পিপি বিধান কানুনগো মামলার নথির বরাতে জানান, ২০১৬ সালের ২৫ অগাস্ট রাতে জেলার মহালছড়ি উপজেলার কেয়াংঘাট ইউনিয়নের নতুন পাড়া এলাকায় স্ত্রী ময়না আক্তারকে (১৯) শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান রবিউল।
নিহত ময়নার বাবা মাইনুল হক রবিউলসহ অজ্ঞাত চার-পাঁচজনের বিরুদ্ধে মহালছড়ি থানায় মামলা করেন। ঘটনার তিন মাস পর শুধু রবিউলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
পিপি বিধান বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত রবিউলকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা করেছে। রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট।

