বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন বাতিল করার প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে রাঙামাটিতে ঝটিকা মিছিল সমাবেশ করেছে বিএনপি’র নেতাকর্মীরা।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা এ্যাডভোকেট দীপেন দেওয়ানের নেতৃত্বে রোববার বেলা এগারোটার সময় রাঙামাটি শহরের পাবলিক হেলথ এলাকা থেকে আকস্মিক ঝটিকা মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখে বিক্ষোভ সমাবেশ করে দলটির নেতাকর্মীরা।
জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন নগর বিএনপির সভাপতি সাবেক পৌরমেয়র সাইফুল ইসলাম ভূট্টো, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আইনকে কুক্ষিগত করে বর্তমান সরকার জনপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারান্তরীন রেখেছে। বক্তারা অভিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।








