Site icon CPLUSBD.COM

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পার্বত্য জেলা রাঙামাটিতে মানববন্ধন করেছে জেলা দলটির নেতাকর্মীরা।

জেলা শ্রমিকদলের আয়োজনে বুধবার দলীয় কার্যালয় সম্মুখে সকাল সাড়ে দশটা থেকে দুই ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ উপজাতীয় বিষয়ক সম্পাদক সাবেক যুগ্ম জেলা জজ এ্যাডভোকেট দীপেন দেওয়ান।

জেলা শ্রমিকদলের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা হাজী জহির আহাম্মদ, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভূট্টো, কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন প্রমুখ।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা দীপেন দেওয়ান বলেন, বর্তমান সরকারের আমলে খুনে দায়ে অভিযুক্ত আসামীরা জামিন পেলেও মিথ্যা একটি তথাকথিত দূর্নীতি মামলায় তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জামিনে মুক্তি দিচ্ছেনা।

ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয় মন্তব্য করে দীপেন দেওয়ান বলেন, জনতার আন্দোলনের মাধ্যমে খুব শীঘ্রই কারাবান্দি বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। এই লক্ষ্যে নেতাকর্মীদের দুর্বার আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহবানও জানিয়েছেন কেন্দ্রীয় নেতা দীপেন দেওয়ান।