দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।
২ মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উপলক্ষে সোমবার জেএসডি আয়োজিত আলোচনা সভায় তিনি এ দাবি করেন।
ভিপি নুর বলেন, ‘বিএনপি না করলেও, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওপর শ্রদ্ধা রেখে আমিও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। কারণ বেগম খালেদা জিয়াকে যে মামলায় আটক রাখা হয়েছে, সেটি একটি উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা।’
পতাকা দিবসের আ স ম আব্দুর রবকে না ডাকা দুঃখজনক মন্তব্য করে তিনি বলেন, দলীয় লেজুড়বৃত্তির রাজনীতি করার জন্য এখানে আসেনি। আ স ম রবের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে এসেছি।
আরও উপস্থিত ছিলেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, কৃষক-শ্রমিক জনতা পার্টির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।

