নিউজটি শেয়ার করুন

খালের উপর নির্মিত ইউএসটিসি’র অবৈধ ভবন গুঁড়িয়ে দিচ্ছে সিডিএ

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন গয়নার ছড়া খাল দখল করে গড়ে তোলা বেসরকারি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) একটি ১৮ তলা ভবন গুঁড়িয়ে দিচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম।

বুধবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে বহুতল ওই ভবনটি ভাঙার কাজ শুরু করে সিডিএ কর্তৃপক্ষ।

সিডিএ’র জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক ও নির্বাহী প্রকৌশলী আহমেদ মঈনুদ্দিন জানান, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় গয়নার ছড়া খাল দখল করে গড়ে তোলা ওই বহুতল ভবন ভাঙা হচ্ছে।

সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম বলেন, নিজেদের জায়গায় ওই ভবন নির্মাণে সিডিএ’র কাছ থেকে ১৬ তলার নকশার অনুমোদন নিলেও ইউএসটিসি কর্তৃপক্ষ নকশা না মেনে ১৮ তলা ভবন নির্মাণ করে। ভবনটি নির্মাণে প্রায় ৩ হাজার ৫০০ স্কয়ার ফুট খালের জায়গা দখল করে তারা।

তিনি বলেন, খাল দখল করে অবৈধভাবে নির্মাণ করা অংশটুকু সরিয়ে ফেলতে ২০১৯ সালের অক্টোবরে ইউএসটিসিকে ৯০ দিনের সময় দেওয়া হয়। কিন্তু প্রায় ১৬ মাস পার হলেও তারা অবৈধ অংশটুকু সরিয়ে নেয়নি। তাই বর্ষার আগেই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি আমরা।