নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি পদে এ এইচ এম খায়রুল আনম সেলিম এবং সাধারণ সম্পাদক হিসেবে একরামুল করিম চৌধুরী পুনর্নিবাচিত হয়েছেন।
বুধবার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দুই পক্ষের মারমারির কারণে কাউন্সিল অধিবেশন ছাড়াই সভাপতি ও সম্পাদক নির্বাচন করা হয়।
সম্মেলনকে কেন্দ্র করে নোয়াখালী শহরজুড়ে কয়েক দিন ধরে উৎসবের আমেজ থাকলেও বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সম্মেলনস্থল নোয়াখালী জেলা স্টেডিয়ামে প্রবেশের সময় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। মারামারিতে অনেকেই আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
পরে সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা সম্মেলনে যোগ দেন।
সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য শেষে ওবায়দুল কাদের বলেন, “আমি সবার সঙ্গে পরামর্শ করেছি। জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে পুনর্নিবাচিত হয়েছেন, অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম সেলিম, সাধারণ সম্পাদক হয়েছেন একরামুল করিম চৌধুরী।”
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সদস্য মির্জা আজম, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, বেগমগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন ফয়সালসহ আশপাশের জেলা-উপজেলার নেতারা সম্মেলনে যোগ দেন।

