নিউজটি শেয়ার করুন

খুটাখালীতে সীমানা নিয়ে বিরোধের জেরে হামলা, আহত ৫

কক্সবাজার প্রতিনিধি: চকরিয়া উপজেলার খুটাখালীতে সীমানা নিয়ে বিরোধের জেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

এসময় বয়োবৃদ্ধা নারীসহ ৫ জনকে পিটিয়ে আহত করা হয়।

উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নতুন মসজিদ পাড়া গ্রামে বুধবার (১৭ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ২ জনকে অভিযুক্ত করে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বর্নিত ইউনিয়নের নতুন মসজিদ পাড়ার বাসিন্দা মৃত হাবিবুর রহমানের পুত্র মোঃ আবুল হোসেন।

এতে অভিযুক্তরা হলেন ইউনিয়নের ৬নং ওয়ার্ড পুর্বপাড়া গ্রামের মোঃ বখসু সওদাগরের পুত্র ডা. মোহাম্মদ হোসেন ও তার পুত্র শাহজানসহ অজ্ঞতনামা আরো অনেকে।

থানায় লিখিত অভিযোগে জানা গেছে, অভিযুক্ত ডা. মোহাম্মদ হোসনের সঙ্গে বাদী আবুল হোসেনের সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

বুধবার সকালে ডা. মোহাম্মদ হোসেনের পুত্র শাহজানের নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল সীমানার ঘেরাবেড়া ভাংচুর করে লুটপাট চালায়। এসময় বাঁধা দিতে গিয়ে হামলা-সংঘর্ষে বয়োবৃদ্ধাসহ ৫ নারী আহতের ঘটনা ঘটেছে।

আহতরা হলেন বাদী আবুল হোসেনের স্ত্রী ছাবেকুন নাহার(৩৭), আনোয়ার হোসেসের স্ত্রী নজিবুন বাহার(৩৫), মৃত হাবিবুর রহমানের স্ত্রী বয়োবৃদ্ধা ধলু বেগম(৭৫), লাল মিয়া ড্রাইভারের স্ত্রী রোজিনা বেগম (৩৫) ও ছরওয়ার ড্রাইভারের স্ত্রী মনোয়ারা বেগম(৪০)। তাদেরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

তাদের মধ্যে ধলু বেগম, রোজিনা ও সাবেকুন নাহারের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

খুটাখালী ইউপি’র ৪ নং ওয়ার্ড মেম্বার অলি আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান।

তবে অভিযুক্ত শাহজানের সাথে যোগাযোগ করা হলে তিনি হামলার ঘটনা অস্বীকার বলে বলেন, তার খতিয়ানি জমিতে ঘেরাবেড়া দেয়া হলে উল্টো আবুল হোসেন তার স্ত্রীসহ অন্যন্যদের লেলিয়ে দিয়ে আমাদের উপর ইটপাট নিক্ষেপ করেছে। এদিন হামলা লুটপাটের কোন ঘটনা ঘটেনি। মুলতঃ আবুল হোসেন বৈঠকে বসার কথা দিয়ে সময় ক্ষেপন করে নানা টালবাহানা শুরু করেছে।

বাদী আবুল হোসেন বলেন, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তার পরিবারকে নির্যাতন করে আসছে। বিগত সময়েও তাদের বিরুদ্ধে চকরিয়া ইউএনও বরাবর নালিশ দেয়া হয়েছে। তারা কোন কিছুই পরোয়া করেনা। ঘটনার সময় তিনি চট্টগ্রাম ছিলেন এবং খবর পেয়ে তিনি গ্রামে এসে আহতদের হাসপাতালে ভর্তি করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তপুর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য থানা পুলিশের হস্থক্ষেপ কামনা করেছেন।

চকরিয়া থানার এসআই মোঃ সায়েম বলেন, অভিযোগ এখনো হাতে পায়নি, পেলে ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রাথমিক তথ্য নিরুপণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।