নিউজটি শেয়ার করুন

খুটাখালীতে ৪টি গ্রাম সেচ্ছায় লকডাউন!

সেলিম উদ্দীন, কক্সবাজার: চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে ৪টি গ্রামের মানুষ সেচ্ছায় লকডাউন করেছে তাদের নিজ নিজ গ্রাম। লকডাউন করা গ্রামগুলো হলো ইউনিয়নের বৃহত্তর ৬ নং ওয়ার্ড পুর্বপাড়া, ৫ নং ওয়ার্ড মাইজপাড়া, ৪ নং ওয়ার্ড গর্জনতলী ও ৩ নং ওয়ার্ড হাজী পাড়া গ্রাম।

ইউনিয়নের পুর্বপাড়া পাহাড়িকা যুব সংঘের সদস্যদের উদ্যোগে মঙ্গলবার (৭এপ্রিল) সকাল থেকেই বাইরের কাউকে গ্রামে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। প্রয়োজন নিশ্চিত করে গ্রাম থেকে বাইরে এবং বাইরে থেকে গ্রামে প্রবেশ করতে দেয়া হচ্ছে। বাইরে থেকে প্রবেশের সময় সমস্ত শরীরে জীবাণুনাশক স্প্রে করে দেয়া হচ্ছে। এছাড়াও সড়কের মুখে বসানো হয়েছে হাত ধৌত করার বেসিন।

লকডাউন সমন্বয়কারী শীষ মুহাম্মদ রাশেল জানান, পুর্বপাড়া পাহাড়িকা যুব সংঘের সদস্যের সমন্বয়ে লকডাউন করা হয়েছে গ্রাম। তারা গ্রামের মোড়ে মোড়ে দাঁড়িয়ে কাজ করছেন। বসানো হয়েছে টহল। গ্রামটিকে নজদারিতে রাখা হয়েছে। গ্রামের মোড়ের রাস্তায় হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুনাশক স্প্রে নিয়ে রয়েছে যুব সংঘের সদস্যরা। নতুন কেউ গ্রামে আসলে তাদের সমস্ত শরীরে স্প্রে করে দেয়া হচ্ছে। ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার নুরুল হক জানান, তার গ্রামে প্রায় ৪ হাজার লোকের বসবাস রয়েছে। সবাইকে বাড়িতে থাকার জন্য বলা হচ্ছে। লকডাউন করায় গ্রামের গরিব মানুষদের চাল, ডাল, তেলসহ আনুষাঙ্গিক প্রয়োজনীয় জিনিস দেয়ারও চেষ্টা চলছে।

তিনি আরো জানান, আত্বীয়-স্বজন, কাজের লোক, পথচারী, ভিক্ষুক সহ সকল ধরনের মানুষ প্রবেশ নিষেধ করে প্রচার করা হয়েছে। এভাবে চলতে থাকলে গ্রাম সুরক্ষিত থাকবে বলে মনে করছেন এলাকাবাসী। লকডাউন করার বিষয়টি চকরিয়া উপজেলা প্রশাসনকেও জানানো হয়েছে বলে তারা জানান।

ইউনিয়নের ৪ নং ওয়ার্ড গর্জনতলী ছাত্র সংঘের সেক্রেটারী রিদুয়ান জানান, স্বেচ্ছাসেবকদের সম্পূর্ন নিজস্ব অর্থায়নের মাধ্যমে গ্রামে স্প্রে করা হয়েছে। কার্যক্রমটি পরিচালিত হচ্ছে গর্জনতলী ছাত্র সংঘের উদ্যোগে। তাদের কার্যক্রমের পাশে থাকারও আশ্বাস প্রদান করেন ইউপি মেম্বার অলি আহমদ।