নিউজটি শেয়ার করুন

খুলশীতে রেলওয়ের মাঠ দখল করে নাহার এগ্রো গ্রুপের গরুর হাট!

সিপ্লাস প্রতিবেদক: দেশের সুনামধন্য কৃষি সেবামূলক শিল্পগ্রুপ নাহার এগ্রো গ্রুপের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ উঠেছে। শিল্প গ্রুপটির অঙ্গ প্রতিষ্ঠান ‘নাহার ক্যাটল ফার্ম’ অনুমতিবিহীনভাবে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের জায়গা দখল করে কোরবানির গরুর হাট (প্রদর্শনী কেন্দ্র) বসিয়েছে।

অভিযোগ রয়েছে, রেলওয়ের জায়গা হলেও স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অনুমতি নিয়ে তারা এই অবৈধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।  রেলওয়ে কতৃপক্ষকে না জানিয়ে চসিক কিভাবে গরুর হাট বসানোর অনুমতি দিল; তা বুঝে উঠতে পারছে না রেলেওয়ের ভূ-সম্পত্তি বিভাগ।

চসিক বলছে, ‘নাহার এগ্রো গ্রুপ রেলওয়ের অনুমোদন পাওয়ার কথা জানানোতেই তারা অনুমোদন দিয়েছে। অন্যদিকে, রেলওয়ে বলছে, ‘মাঠে গরু প্রদর্শনী কেন্দ্রের জন্য নাহার্ এগ্রো গ্রুপ রেলওয়ের অনুমতি নেয়নি। রেলওয়ে চসিকের কাছে এ বিষয়ে আপত্তি জানাবে।’

জানা যায়, চট্টগ্রাম মহানগরীর খুলশীতে ঝাউতলা বাজারের রেলওয়ের মালিকানাধীন ডিজেল কলোনি মাঠে (বিজিএমইএ ভবনের পাশে) গত ১৫ জুলাই থেকে গরু প্রদর্শন করছে ‘নাহার ক্যাটল ফার্ম।’ নাহার এগ্রো গ্রুপ রেলওয়ে কতৃপক্ষের কোন অনুমতি না নিয়েই গরু প্রদর্শনের জন্য অবৈধভাবে মাঠ দখল করে বিশাল প্যান্ডেল নির্মাণ করেছে। রেলওয়ের কর্মকর্তারা এসে কাজ বন্ধ করার কথা বলে গেলেও তাতে কোন কর্ণপাত করছে না শিল্পগ্রুপটি। মাঠ দখল করে গরুর হাট বসানোতে এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

নাহার এগ্রো গ্রুপ তাদের ফেসবুক ফেইজে লিখেছে, এই ঈদে যারা গরুর হাট এড়িয়ে চলতে চান, তাদের জন্য খুলশীর ডিজেল কলোনি মাঠে ১৫ জুলাই থেকে সকল স্বাস্থ্যবিধি মেনে গরু প্রদর্শিত হবে।

প্রদর্শনী কেন্দ্রে প্রায় ৯০-১০০ গরু রয়েছে, এগুলোর আনুমানিক দাম চার কোটি টাকা।

অনুমতি না নিয়ে কিভাবে নাহার এগ্রো গ্রুপ মাঠ দখল করে গরুর হাট বসালো   জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল) বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা কংকন চাকমা সিপ্লাসবিডিডটকমকে বলেন, ‘রেলওয়ের মাঠে নাহার এগ্রো গ্রুপকে গরুর হাট বসানোর জন্য আমরা অনুমতি দেই নি। চসিক তাদেরকে হাট বসানোর অনুমতি দিয়েছে। আমরা এ বিষয়ে চসিকের কাছে আপত্তি জানাবো।’

রেলওয়ের জায়াগায় চসিক হাট বসানোর জায়গায় অনুমতি দিতে পারে কিনা এমন প্রশ্ন করলে কোনো মন্তব্য করতে রাজি হননি কংকন চাকমা।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে চসিকের এস্টেট অফিসার এখলাস উদ্দিন বলেন, ‘চট্টগ্রাম মহানগরীর মধ্যে সিটি করপোরেশনের মালিকানাধীন সাতটি হাটের বাইরে অন্য কোন হাট বসানোর সুযোগ নাই। নাহার এগ্রো গ্রুপকে আমার দপ্তর থেকে হাট বসানো অনুমোদন দেওয়া হয় নি। চসিকের রাজস্ব বিভাগ থেকে অনুমোদন দেওয়া হয়েছে। আমার জানা মতে, তারা গরুর প্রদর্শনী করতে পারবে, তবে বিক্রি করতে পারবে না।’

তবে স্থানীয়রা জানিয়েছেন, প্রদর্শনী কেন্দ্রটি থেকে গরু বিক্রি হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল ইসলাম বলেন, ‘নাগার এগ্রো গ্রুপ আমাদেরকে জানিয়েছিল যে, তারা রেলওয়ে থেকে অনুমোদন নিয়েছে। তাই আমরাও অনুমোদন দিয়েছি।’

অনুমোদন ছাড়া রেলওয়ের মাঠ দখল করে গরু প্রদর্শনী কেন্দ্র করার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম চেম্বারের পরিচালক ও নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাকিবুর রহমান টুটুল ‍সিপ্লাসবিডিডটকমকে বলেন, ‘অনুমোদন অন প্রসেসে আছে!’

অনুমোদন পাওয়ার আগেই কিভাবে প্যান্ডেল নির্মাণ করে গরু প্রদর্শন করছেন- এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আপনি আসিয়েন। গরু দেখে যাইয়েন!’