সিপ্লাস ডেস্ক: “মাঠে খেলা হবে”- বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করা হেফাজত নেতা মামুনুল হককে চ্যালেঞ্জ ছুড়লেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

সোমবার (৩০ নভেম্বর) দুপুরে পুরাতন রেলষ্টেশন চত্বরে চট্টগ্রাম যুবলীগের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন
মামুনুল হককে নিক্সন চৌধুরী বলেন, ‘আরে মিয়া তেলাপোকাও পাখি, আর আপনিও মানুষ। যদি সাহস থাকে তাহলে আসেন মাঠে আসেন। মাঠে খেলা হবে। আমাদের ভয় দেখাবে না। আমাদের মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত কলিজা।’
মামুনুল যে ভাষায় কথা বলছে, তাতে বিস্মিত নিক্সন চৌধুরী। বলেন, ‘মামুনুল হক কারে চ্যালেঞ্জ করতাছে? শেখ হাসিনারে চ্যালেঞ্জ করে! বেডা কী পাগল। মাথায় কি বুদ্ধি কম!
‘আরে শেখ হাসিনা তো অনেক উপরের বিষয়। শুধু সারাদেশের যুবলীগের সঙ্গে লইড়া দেখেন। এই যুবলীগের সঙ্গে এক মিনিট লড়ার ক্ষমতা আপনার নাই।’
‘যুবলীগ যদি মাঠে নামে ওস্তাদ দৌড়াইয়া কূল-কিনারা পাবেন না। তাই আমার নেত্রীরে চ্যালেঞ্জ জানানোর আগে নেত্রীর সন্তানদের সঙ্গে একটু বুইঝা নেন। এমন ধমক দিয়েন না।’
মামুনুলকে হককে হুমকি না দেয়ার পরামর্শ দিয়ে নিক্সন চৌধুরী বলেন, ‘আমাদের সাথে ফাঁপরবাজি কইরেন না। কোন দেশের টাকা খাইছেন, হঠাৎ কইরা চাঙ্গা দিয়া উঠছেন। ওইসব দেশের দালালি বন্ধ করেন, এটা বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ।
অনুষ্ঠানে চট্টগ্রামের সন্তান বদিউল আলম বদিকে বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক মনোনীত হওয়ায় তাকেও সংবর্ধনা প্রধান করা হয় ।
নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. রাশেদুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান চৌধুরী, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, নির্বাহী কমিটির সদস্য তৌফিকুর রহমান, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী, নগর যুবলীগ যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার, মাহবুবুল হক সুমন প্রমুখ।








