বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন গণমাধ্যমের সম্পাদক/হেড অব নিউজদের কাছে চিঠি দিয়ে নির্বাচনের দিন ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত সংখ্যক গণমাধ্যমকর্মীর উপস্থিতি নিশ্চিত করার জন্য অনুরোধ করেছেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) গণমাধ্যমগুলোতে এই চিঠি পাঠান তিনি।
চিঠিতে ইশরাক হোসেন লেখেন-
‘জনাব,
আসসালামু আলাইকুম।
আসছে ১ ফেব্রুয়ারী ২০২০ ইং ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র মনোনীত প্রার্থী হয়ে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে আমি ইশরাক হোসেন প্রতিদন্দিতা করছি।
দেশের রাজনৈতিক অবস্থা বিশেষ করে গণতন্ত্র ও ভোটের অধিকারবিহীন প্রেক্ষাপটে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত ২০ দিনে নির্বাচনী প্রচারণা চালানোর সময় আমি নগরবাসীর অকুন্ঠ সমর্থনের পাশাপাশি মিডিয়া কর্মীদের সহযোগিতাও পেয়েছি। এজন্য আমি নগরবাসী ও আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ।
আপনারা জানেন, এই নির্বাচন প্রক্রিয়ায় অনেক অভিযোগ ছিল এবং আছে। এসব বিষয়ে নির্বাচন কমিশনে বিভিন্ন সময় অভিযোগও প্রদান করা হয়েছে। আপনাদের মাধ্যমে দেশবাসীর নজরেও আনা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন সে সব অভিযোগের বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি।
আমি ও আমার দল বিএনপি শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে ও তাদের ভোট প্রদানের মাধ্যমে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন চাই। আমি মনে করি, আমাদের এই চাওয়ার সাথে আপনারাও একমত হবেন।








