নিউজটি শেয়ার করুন

“গণিতের চর্চা মানুষের বিশ্লেষণী ক্ষমতা বাড়ায়”- চুয়েট ভিসি

রাউজান প্রতিনিধি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর গণিত বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ গণিত সমিতির সহযোগিতায় “গণিত এবং এর প্রয়োগ” (Mathematics and Its Application) শীর্ষক এক ওয়েবইনার অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৩ অক্টোবর (শনিবার), সকাল ১১ টায় অনলাইন প্ল্যাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উক্ত ওয়েবইনারের উদ্বোধন করেন চুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. নুরুল আলম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েটের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব।
উক্ত ওয়েবইনারে তিনটি সেশনে প্যানেল স্পিকার হিসেবে বুয়েটের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল আলিম, খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. হায়দার আলী বিশ্বাস এবং চুয়েটের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. গোলাম হাফেজ অংশ নেন। ওয়েবইনার পরিচালনা করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. কামরুল হাসান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “আমাদের ছেলেমেয়েদের কাছে ছোটবেলা থেকে গণিত একটা ভীতিকর বিষয়। কিন্তু গণিত আসলেই একটা মজার বিষয়। গণিতের উন্নতির সাথে সাথে মানব সভ্যতার উন্নতি হয়েছে। জীবনকে নিয়মমাফিক পরিচালনার জন্য ন্যূনতম গণিতের জ্ঞান অপরিহার্য। আমাদের প্রকৌশল বিদ্যায়ও গণিতের অবদান অনস্বীকার্য। পৃথিবীব্যাপী প্রকৌশলীদের বাস্তব জীবনের সমস্যাগুলোর সমাধানে মুখোমুখি হতে হয়। সমস্যার প্রযুক্তিগত সমাধানে যে যুক্তি ব্যবহৃত হয় তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে অর্জন সম্ভব। গণিতের চর্চা মানুষের বিশ্লেষণী ক্ষমতা বাড়ায়। গাণিতিক যুক্তি ব্যবহার করে প্রকৌশলীরা সহজেই প্রতিনিয়ত পরিবর্তনশীল পৃথিবীর চ্যালেঞ্জগুলোকে মোকাবেলার মাধ্যমে জীবনকে সহজ করে তুলেছে।”

ওয়েবইনারে চুয়েটের গণিত বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীগণ অংশগ্রহণ করেন।

পরে ওয়েবিনার আয়োজক ও অংশগ্রহনকারীদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ গণিত সমিতির সম্পাদক অধ্যাপক ড. মো. শওকত আলী ও চবি গণিত অ্যালামনাই সম্পাদক রেজাউল করিম স্বপন। ওয়েবিনারটি আয়োজনে সার্বিক সহযোগিতা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত অ্যালামনাই এসোসিয়েশন।