Site icon CPLUSBD.COM

গাড়ির ধোঁয়ার পাইপের ভেতর ইয়াবা

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুনব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ২৬ হাজার পিস ইয়াবাসহ মো. সেন্টু (২২) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১৮ জুলাই) ভোরে তাকে আটক করা হয়। আটক মো. সেন্টু কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন দেওপুর এলাকার সোহরাব হোসেনের ছেলে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, বাকলিয়া থানাধীন নতুনব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ২৬ হাজার পিস ইয়াবাসহ মো. সেন্টু নামে একজনকে আটক করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ট্রাক জব্দ করা হয়েছে।

র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্প কমান্ডার মেজর মো. মুশফিকুর রহমান বলেন, আমাদের কাছে তথ্য ছিল কক্সবাজার থেকে পিকআপ ট্রাকে করে ইয়াবা আসছে। নতুনব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে পিকআপ ও চালক সেন্টুকে আটক করা হয়। পরে সেন্টুর দেখানো মতে গাড়ির ধোঁয়া বের হওয়ার পাইপ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

মেজর মো. মুশফিকুর রহমান বলেন, পাইপে ইয়াবাগুলো রেখে আরেকটি পার্টিশনযুক্ত করে ঝালাই করে দেওয়া হয়েছিল যাতে কোনোভাবেই তা বোঝা না যায়। কক্সবাজার থেকে ইয়াবাগুলো ফেনীতে নিয়ে যাওয়া হচ্ছিল।