সিপ্লাস প্রতিবেদক: নগরীর চকবাজারের গুলজার মোড়ে নালার ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে হামলার মুখে পড়েছেন সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। পরে উচ্ছেদ বন্ধ করে বুলডোজার ফেলে ঘটনাস্থল ত্যাগ করেন তারা।
শনিবার (৯ অক্টোবর) দুপুরে এ ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বলেন, চকবাজারের গুলজার মোড়ে নালা দখল করে রেস্তোরাঁ তৈরি করায় পানি ও ময়লা অপসারণে বাধার সৃষ্টি হচ্ছে। আমরা ময়লা পরিষ্কার করতে গিয়ে নালা খুঁজে পাচ্ছিলাম না। তাই নালা উদ্ধারে অবৈধ স্থাপনা সরাতে গেলে আমাদের উপর হামলা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা করতে গেলেও মেয়র নিষেধ করায় আর মামলা করিনি।
চকবাজার থানার ওসি ফেরদৌস জাহান বলেন, পুলিশ ছাড়া উচ্ছেদে যাওয়াটা ভুল ছিল। সমস্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
চট্টগ্রাম সিটি করপোরেশনের নালা উদ্ধার করতে গিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে চসিক। সাইনবোর্ডসহ বিভিন্ন স্থাপনা ভাঙা শুরু হয়। তখন বিদ্যুতের একটি তার ছিঁড়ে আগুন ধরে যায়। এতে এলাকায় একদিকে আতঙ্ক ছড়ায়, অন্যদিকে উচ্ছেদে ক্ষতিগ্রস্তরা ক্ষুব্ধ হয়ে উঠে। তাদের সঙ্গে চসিকের কর্মীদের প্রথমে কথা কাটাকাটি হয়। পরে হামলার ঘটনা ঘটলে চসিকের লোকজন বুলডোজার ফেলে চলে যান।








