গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের কমিটি থেকে ১৬ নেতাকে অব্যহতি দেয়া হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে বলে সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংগঠনের সভাপতি মো. শরিফুল ইসলাম সিকদার ও সাধারণ সম্পাদক মোল্লা রনি হোসেন স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের হাতকে শক্তিশালী করার লক্ষে বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী গোপালগঞ্জ সদর উপজেলা শাখার বিবাহিত ও চাকরিজীবী ১৬ নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সাথে ওই ১৬ টি পদ শূন্য ঘোষণা করা হয়েছে।
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোল্লা রনি হোসেন জানান, অব্যাহতি দেয়া নেতৃবৃন্দ সব সময় আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন। তাই তাদের সম্মানের কথা বিবেচনা করে সংবাদ বিজ্ঞপ্তিতে নাম প্রকাশ করা হয়নি।
তিনি আরো জানান, শূন্যপদগুলো গঠনতন্ত্র অনুযায়ী পূরণ করা হবে।

