নিউজটি শেয়ার করুন

গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু, সংকটে মা-বাবা

সিপ্লাস ডেস্ক: দুদিন আগে পুরান ঢাকার বংশালের এক বাড়িতে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবারে ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে জান্নাত (৪) মারা যায় বলে ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান।

ফায়ার সার্ভিস জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে বংশালের শামছাবাদ জুম্মন কমিউনিটি সেন্টারের পাশে একটি দোতলা বাড়ির নিচ তলায় বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণের ধাক্কায় ভবনের নিচতলার দেয়াল ধসে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করে। ঘটনার সময় দেয়াল চাপা পড়ে মারা গিয়েছিলেন জান্নাতের এক বছর বয়সী ভাই ময়নুল।

বংশাল থানার ওসি শাহীন ফকির বলেন, বিস্ফোরণে শুধু ওই ভবনের নিচতলাই ক্ষতিগ্রস্ত হয়নি। একই লাইনে থাকা আশপাশের বাসার গ্যাসের পাইপও বিচ্ছিন্ন হয়ে গেছে। তাতে ওই ভবনগুলোর দেয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে।

“ওই বাসার গ্যাসলাইনের সমস্যা ছিল। কয়েকদিন আগেও একবার ঠিক করা হয়েছিল।”

এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দুই শিশুর মা-বাবা জাবেদ (৩৫) ও মা শিউলি (২৫)।

চিকিৎসকের বরাত দিয়ে বাচ্চু মিয়া বলেন, “জান্নাতে শরীর ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। জাবেদের শরীরের ৩০ শতাংশ, শিউলির ৭০ শতাংশ আগুনের পুড়েছে।”

জাবেদ ও তার স্ত্রী স্কুল ব্যাগ তৈরির কাজ করতেন বলে জানান ওসি।