রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ জুন) উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন থেকে কৌশলে তাকে গ্রেপ্তার করা হয়।
তার নাম ইব্রাহীম (৩৬)। সে উপজেলার উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের জান মোহাম্মদ পাড়া গ্রামের সওদাগর বাড়ির মো. হাবিবুল্লার ছেলে।
দীর্ঘদিন ধরে সে পালিয়ে বেড়াচ্ছিল এবং গ্রেপ্তার এড়াতে নানা কৌশলের আশ্রয় নিতেন। এমনকি নানা কৌশল রপ্ত করতে সে গোয়েন্দা চরিত্রের মুভি দেখতো বলে পুলিশের কাছে সে স্বীকার করে।
এই বিষয়ে রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইসমাঈল হোসেন জুয়েল বলেন, গ্রেপ্তারকৃত আসামী ইব্রাহীমের বিরুদ্ধে পেনাল কোডের ৩২৬ ধারায় ৭ বছরের সশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম সাজা রয়েছে। এই সাজা নিয়ে সে দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিল এবং নিত্যনতুন কৌশলে গ্রেপ্তার এড়িয়ে চলতো। তাকে ধরতে পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল।
তবে শেষ পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, মারামারি সহ এলাকায় নানা সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ রয়েছে।








