সিপ্লাস প্রতিবেদক: আলেম-ওলামাসহ গ্রেফতার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি চেয়েছেন হেফাজতে ইসলামের আমির ও দারুল উলুম হাটহাজারীর পরিচালক জুনায়েদ বাবুনগরী। রোববার (২৭ জুন) সংবাদমাধ্যমে পাঠোনো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘বিনা দোষে আজ দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে-কেরাম জেলখানায় মানবেতর জীবনযাপন করছেন। গ্রেপ্তার ওলামায়ে-কেরামের মধ্যে অনেকেই বয়োবৃদ্ধ ও শারীরিকভাবে অসুস্থ। জেলেখানার কষ্ট সহ্য করতে না পেরে মাওলানা জুনায়েদ আল-হাবীবসহ অনেক ওলামায়ে-কেরাম অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পেয়েছি। মানবিক বিবেচনায় গ্রেপ্তার সকল নেতাকর্মীদের আশু নিঃশর্ত মুক্তি দিয়ে কওমি মাদ্রাসা খুলে দিন।’
জুনায়েদ বাবুনগরী বলেন, জেলখানায় আটক থাকা ওলামায়ে কেরাম কোনো অপরাধের সঙ্গে জড়িত নন। তারা মাদ্রাসায় কুরআন-হাদিসের পাঠদানে নিমগ্ন থাকেন। মানুষের ইমান-আকিদা বিশুদ্ধকরণে ওয়াজ-নসিহত করেন। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করেন। আজ তাদেরকে দোষী সাজিয়ে দীর্ঘদিন যাবত জেলখানায় বন্দী রাখা হয়েছে।
হেফাজত আমির আরও বলেন, নবী-রাসুলগণের উত্তরসূরি ওলামায়ে-কেরামদের বিনা অপরাধে জেলখানায় আটকে রাখা অত্যন্ত দুঃখজনক। নায়েবে রাসুল ওলামায়ে-কেরামকে এভাবে জেলখানায় আবদ্ধ রেখে কষ্ট দিলে তাদের বদ দু’আয় আল্লাহর গজব আসতে পারে।
তিনি বলেন, ওলামায়ে-কেরামের সঙ্গে সর্বস্তরের মানুষের আত্মার সম্পর্ক রয়েছে। সমাজের সকলের নিকট শ্রদ্ধার পাত্র তারা। আজ দীর্ঘদিন ধরে মিথ্যা মামলায় তাদের জেলে আটকে রাখায় সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হচ্ছে। এ ক্ষোভের বিস্ফোরণ হলে এর দায় সরকারের উপরই বর্তাবে।








