নিউজটি শেয়ার করুন

গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়নে বিটিএস

সিপ্লাস ডেস্ক: প্রথমবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছে দক্ষিণ কোরিয়ান ব্যান্ড বিটিএস। এর মধ্য দিয়ে সেরা পপ ডুয়ো/ গ্রুপ পারফরম্যান্স বিভাগের জন্য লেডি গাগা, টেইলর সুইফটের মতো তারকাদের কাতারে জায়গা পেল ব্যান্ডটি ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ৬৩তম গ্র্যামির মনোনয়ন ঘোষণা করা হয়। ‘ডায়নামাইট’ গানটির জন্য বিটিএস-কে মনোনয়ন পেয়েছে।

চলতি বছরের আগস্টে কোরিয়ান ব্যান্ডটি প্রথম ইংরেজী গান ‘ডায়নামাইট’ প্রকাশ করে। এর আগেও তারা বিভিন্ন গানে ইংরেজী ব্যবহার করেছে। কিন্তু শ্রোতাদের জন্য এবার পুরো গানটিই ইংরেজিতে করা হয়েছে। প্রকাশের পর বিটিএস ভক্তরা গানটি লুফে নেয়। বেশ কয়েক সপ্তাহ ধরে গানটি বিলবোর্ডে শীর্ষে ছিল।

মনোনয়ন পাওয়ার সংবাদে বেশ আনন্দিত ব্যান্ড সদস্যরা। এই আনন্দের প্রতিফলন দেখা যায় তাদের টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে। মনোনয়নের নাম ঘোষণার পরই তারা লাফিয়ে উল্লাস প্রকাশ করে।

সেরা পপ ডুয়ো/ গ্রুপ পারফরম্যান্স বিভাগে কোরিয়ান এ ব্যান্ডের পাশাপাশি রয়েছে লেডি গাগা ও আরিয়ানা গ্রান্দে, টেইলর সুইফট ও বন আইভার, জাস্টিন বিবার ও কোয়াবোর নাম।

মাত্র একদিন আগেই বিটিএস দুটি ক্যাটাগরিতে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস জিতল। তাছাড়া ব্যান্ডটি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডও জিতেছে। গ্র্যামি জিতলেই আমেরিকান তিনটি অ্যাওয়ার্ড জয়ী প্রথম কোনো কোরিয়ান ব্যান্ড হবে বিটিএস।

সূত্র: বিবিসি