কক্সবাজার ব্যুরোঃ কক্সবাজার শহরের হোটেল শৈবালের সামনে ছিনতাইয়ের শিকার হওয়া এক স্কুল শিক্ষিকার মোবাইল ও হাতব্যাগ ঘন্টা না পেরোতেই অভিযান চালিয়ে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হোটেল শৈবাল এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
এ সময় অভিযানে রবিউল হাসান মুন্না (৩২) নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, মঙ্গলবার পৌনে ৭টার দিকে হোটেল শৈবালের সামনে ছিনতাইয়ের শিকার হন কক্সবাজার কেজি স্কুলের প্রধান শিক্ষিকা জুবাইদা নাসরিন। এ সময় ছিনতাইকারীরা তার মোবাইল ফোন ও হাতব্যাগ নিয়ে যান। তিনি বিষয়টি সাথে সাথে আমাদের অবগত করলে হোটেল শৈবালের আশপাশ এলাকায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছিনতাইকারী মুন্নাকে আটক করে। পরে ভুক্তভোগী শিক্ষিকার মোবাইল ফোন এবং হাতব্যাগ উদ্ধার করা হয়।








