নিউজটি শেয়ার করুন

ঘন কুয়াশায় বিমানের শিডিউল বিপর্যয় শাহ আমানতে

ঘন কুয়াশার কারণে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ওঠানামা সাময়িক বন্ধ থাকায় শিডিউল বিপর্যয় হয়েছে।

বিমানবন্দরের ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে আজ শনিবার (২১ ডিসেম্বর) সকালে শাহ আমানত বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রাখে কর্তৃপক্ষ। কুয়াশা কিছুটা কমলে সকাল ১০টার পর প্লেন ওঠানামা স্বাভাবিক হয়। প্রথমে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট অবতরণ করে।শিডিউল বিপর্যয়ের ফলে ভোগান্তির শিকার হন বিভিন্ন বিমানের যাত্রীরা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সরওয়ার-ই-জামান বলেন, ঘন কুয়াশার কারণে বিমান ওঠানামা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছিল। সকাল ১০টার পর পুনরায় স্বাভাবিক হয়েছে।

কুয়াশার কারণে প্রতিদিনই বিমানের শিডিউলে সমস্যা হচ্ছে। সকাল সোয়া ১০টা থেকে সাড়ে ১০টার আগে চালু করা যাচ্ছে না বিমান বন্দরের কার্যক্রম।