সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম সহ সারাদেশে এখন সাধারণ ছুটি৷ সরকারের নির্দেশে সরকারী-বেসরকারী সব প্রতিষ্ঠানের পাশাপাশি সকল যানচলাচল বন্ধ৷ যদিও হাসপাতাল ও জরুরী সেবা খোলা কিন্তু আপনি চিকিৎসকের পরামর্শ নিতে এই মূহুর্তে যেতে পারছেন না৷ তখন কি করবেন ? এই চিন্তা এখন কম বেশী অনেকের। বিশেষ করে বাসার কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলো কিনা এই বিষয়ে পরামর্শ নেয়ার জন্যে সবাই জরুরী নাম্বারে একত্রে কল দিতে থাকে৷ ফলে অনেক সময় লাইন ব্যাস্ত থাকে। কিন্তু এবার জরুরী প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ ঘরে বসে দিতে উদ্যোগ নিয়েছে এক ঝাক চিকিৎসক৷ আর এর উদ্যোক্তা চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ।


এই চিকিৎসকদের সম্পৃক্ত করতে অন্যতম ভূমিকা রেখেছে ডাঃ এস.এম তৌফিক হোসেন৷ তিনি নিজেও এই কুইক রেসপন্স মেডিকেল টিমের ৩৪ জন সদস্যের একজন৷ সিপ্লাসের সাথে আলাপে তিনি বলেন, “আমি নিজেও একসময় সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলাম৷ এখন পেশাগত চিকিৎসক হিসেবে দেশের এই দূর্যোগে জনসেবায় কিছু করার তাগিদে আমরা একটি সেল গঠন করেছি৷”। এখানে প্রতিটি চিকিৎসকের কর্মস্থল সহ মোবাইল নাম্বার দেয়া আছে৷ এরফলে প্রত্যক্ত এলাকাতেও কারো চিকিৎসা সেবা প্রয়োজন হলে সেই এলাকার বা কাছে কর্মরত চিকিৎসককে কল দিয়ে পরামর্শ নিয়ে পারেন৷ প্রয়োজনে অন্যান্য সহায়তাও সেই চিকিৎসক প্রদান করতে সর্বাত্মক প্রস্তুত আছে বলেও জানান ডাক্তার তৌফিক৷
ইতিমধ্যে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার,মাস্ক গ্লাবস বিতরণের পর মূলত সংগঠনের অগ্রজদের সহায়তায় এই কুইক রেসপন্স সেল গঠন করা হয়েছে বলে জানালেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম৷ তিনি জানান কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশ আমরা জনসাধারণের জন্যে কিছু করার তাগাদা থেকেই অগ্রজ ভাইদের সহায়তায় একটি কুইক রেসপন্স মেডিকেল সেল গঠন করি৷ বর্তমানে ৩৪ জন চিকিৎসক সম্পূর্ণ বিনামূল্যে এই জনসেবা দিয়ে যাচ্ছেন৷পরিস্থিতি বিবেচনায় এই সংখ্যা বাড়ানো হতে পারে৷ তিনি বলেন শুরু চট্টগ্রামের বাসিন্দারাই নন, সারাদেশের যে কোন প্রান্ত থেকে তালিকায় রাখা চিকিৎসকদের নাম্বারে কল করে পরামর্শ নিতে পারবে৷








