সিপ্লাস প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতিকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১ এপ্রিল) মধ্যরাতে চিৎমরম ইউনিয়নের হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম উসুই প্রু মারমা (৩০)। তিনি জিং হ্লা মারমার সন্তান।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মো. আশ্রারাফ উদ্দিন বলেন, মধ্যরাতে উসুই প্রু মারমা ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতিকে একদল সন্ত্রাসী ঘর থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে। ভোর রাতে তার লাশ থানায় নিয়ে আসি। কারা ঘটনার সাথে জড়িত এখনই সেটি বলা সম্ভব না, তবে ওই এলাকাটি সন্তু লারমার জেএসএস-এর নিয়ন্ত্রণাধীন এলাকা হিসেবে পরিচিত।
কাপ্তাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন বলেন, পাহাড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষ আওয়ামী রাজনীতি করলে সন্ত্রাসীরা তাদের বিভিন্ন সময় হত্যার মাধ্যমে রাজনীতি করতে বাধার সৃষ্টি করে আসছে। এটি সেই কারণে হয়েছে বলে আমরা মনে করছি।








