ঘুষ গ্রহণের সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে গ্রেফতার হয়েছেন আমদানি-রফতানি নিয়ন্ত্রক কার্যালয়ের এক কর্মকর্তা।
গ্রেফতার মো. আল মামুদ হোসেন নওগাঁ জেলার মান্দা থানার প্রসাদপুর এলাকার লোকমান আলীর ছেলে। তিনি চট্টগ্রাম আমদানি-রফতানি নিয়ন্ত্রক কার্যালয়ের সহকারী নিয়ন্ত্রক পদে কর্মরত বলে জানা গেছে।
মো. আল মামুদ হোসেনের কাছ থেকে ঘুষ হিসেবে গ্রহণ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ টাকা এক ব্যবসায়ীর কাছ থেকে লাইসেন্স নবায়ন বাবদ গ্রহণ করেছিলেন তিনি।
দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহকারী পরিচালক মো. হুমায়ুন কবীর বলেন, লাইসেন্স নবায়নের জন্য আজিমুল ইসলাম নামে এক ব্যক্তির কাছে আল মামুদ হোসেন ১৮ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন। ঘুষের টাকা না দিলে লাইসেন্স নবায়ন হবেনা বলে জানিয়ে দেন। পরে আজিমুল ইসলাম দুদকে অভিযোগ করেন। সত্যতা যাচাই শেষে মঙ্গলবার বিকেলে ওই ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় আল মামুদ হোসেনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মো. আল মামুদ হোসেনকে আসামি করে দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন।








