নিউজটি শেয়ার করুন

ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় ৬০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করেছে চসিক, খুলেছে কন্ট্রোল রুম

সিপ্লাস প্রতিবেদক: বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর দুর্যোগ মোকাবেলায় নগরীর উপকূলীয় ওয়ার্ডগুলোতে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সার্বিক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

মঙ্গলবার (২৫ মে) দুপুরে মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম জানান, উপকূলীয় ওয়ার্ডগুলোতে ৬০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় একটি কন্ট্রোল রুমও খুলেছে চসিক। যার ফোন নম্বর ০৩১-৬৩৩৬৪৯। গঠন করা হয়েছে মেডিক্যাল টিম। ৪ হাজার সিপিপি ও রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে।

চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত স্থায়ী কমিটির প্রধান কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম বলেন, পতেঙ্গা, হালিশহর, কাট্টলীসহ উপকূলীয় ওয়ার্ডগুলোতে ঘূর্ণিঝড়ে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা। এসব এলাকার প্রতিটি ওয়ার্ড কার্যালয়কে নিয়ন্ত্রণ কক্ষ এবং দামপাড়ায় চসিকের প্রধান নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

অতীতের অভিজ্ঞতার আলোকে, আবহাওয়া অধিদফতরের সংকেতের ওপর নির্ভর করে সংশ্লিষ্ট এলাকার লোকজনকে নিরাপদ স্থানে সরে যেত মাইকিংসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।