ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হেনে কিছুটা দুর্বল হয়ে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’।
বুলবুলের প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনিপুর, কলকাতা এবং ওড়িশা রাজ্যের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি ও দমকা হাওয়ায় বহু গাছ উপড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। দুই রাজ্যে ঝড়ে অন্তত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সেই বুলবুলে আটকা পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও। টাইগারদের চলতি টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি সরাসরি মাঠে বসে উপভোগ করার জন্য ভারত গিয়েছেন তিনি। ম্যাচের ভেন্যু নাগপুরে যাওয়ার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে কলকাতায় অনানুষ্ঠানিক বৈঠকে বসেছিলেন বিসিবি বিগ বস।
বৈঠক শেষে শনিবার সন্ধ্যায়ই কলকাতা থেকে নাগপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল পাপনের। কিন্তু ঘূর্ণিঝড় বুলবুলের কারণে শনিবার কলকাতা থেকে উঠতে পারেননি বিমানে। নির্দিষ্ট সময়ের জন্য কলকাতা বিমানবন্দরে বিমান ওঠা-নামা বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। ফলে শনিবার নাগপুর যেতে পারেননি পাপন।
তবে রাতটা কলকাতায় কাটিয়ে আজ রবিবার সকালেই তিনি রওনা হচ্ছেন নাগপুরের উদ্দেশ্যে। তবে এক্ষেত্রে তাকে প্রথমে যেতে হবে ভারতের রাজধানী শহর দিল্লিতে। পরে সেখান থেকে নাগপুরের বিমানে উঠতে হবে। দুপুর নাগাদ যোগ দিতে পারবেন দলের সঙ্গে।

