সিপ্লাস প্রতিবেদক: বড় কোন গোলযোগ ছাড়াই চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।
নির্বাচিত কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু মারা যাওয়ার প্রেক্ষিতে এ ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হলো।
এই ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনের নিরাপত্তা রক্ষায় ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা কামরুল আলম বলেন, চকবাজার ওয়ার্ডের উপ নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন সম্পন্ন হয়েছে। প্রার্থীদের কোন ধরণের অভিযোগ আসেনি। ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা।
নির্বাচনে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে বিএনপি একজন এবং আওয়ামী লীগের ২০ জন প্রার্থী রয়েছেন।
তারা হলেন- যুবলীগ নেতা নূর মোস্তফা টিনু (মিষ্টি কুমড়া), মো. সামশেদ নেওয়াজ রনী (ঘুড়ি প্রতীক), মো. নাজিম উদ্দীন (কাঁচি), বিএনপির একক প্রার্থী এ কে এম সালাউদ্দিন কাউসার লাবু (হেডফোন), মহানগর মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি মমতাজ খান (পান পাতা), কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর স্ত্রী মেহেরুন্নিছা খানম (ড্রেসিং টেবিল), মো. আলী আকবর হোসেন চৌধুরী (কাঁটা চামচ), মো. সেলিম রহমান (ঠেলাগাড়ি), কায়ছার আহমেদ (প্রদীপ), মো. আবুল কালাম চৌধুরী (সূর্যমুখী ফুল), শওকত ওসমান (এয়ারকন্ডিশনার), মো. নোমান চৌধুরী (ট্রাক্টর), মো. শাহেদুল আজম শাকিল (ক্যাপ), মোহাম্মদ দেলোয়ার হোসাইন (রেডিও), মো. আজিজুর রহমান (হেলমেট), মো. আব্দুর রউফ (ব্যাডমিন্টন র্যাকেট), মো. নুরুল হুদা (ঝুড়ি), কাজী মুহাম্মদ ইমরান (লাটিম), মো. রুবেল ছিদ্দিকী (করাত), মো. আলাউদ্দিন (টিফিন ক্যারিয়ার), মোহাম্মদ জাবেদ (স্ট্রবেরি)।
চকবাজার ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৪১ জন। পুরুষ ভোটার ১৬ হাজার ২১৬ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৮২৫ জন।








