কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলায় করোনা আক্রান্ত হয়ে ইসলামিক ফাউন্ডেশনের স্থানীয় কার্যালয়ের মডেল কেয়ারটেকার আলহাজ্ব হাফেজ মাওলানা সিরাজ উল্লাহ (৬৫)এর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ১১ টার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে তিনি মারা যান।
এদিন বিকাল সাড়ে ৩টায় সরকারি স্বাস্থ্য বিধি নিষেধ মেনে নামারচিরিঙ্গা পুরাতন জামে মসজিদ মাঠে জানাজা শেষে মামা ভাগিনার কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাজায় ইমামতি করেন বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা কুতুব উদ্দীন হেলালী।
সকাল সাড়ে ৭টায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আইসোলেশনে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর তার তীব্র জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যায়। সকাল ১১ টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া হাফেজ সিরাজ-উদ্দৌলা (৬৫) ইসলামিক ফাউন্ডেশন চকরিয়া অফিসের মডেল কেয়ারটেকার এবং উত্তর কাহারিয়াঘোনা খোন্দকারপাড়া জামে মসজিদের খতিব ছিলেন।
তিনি চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা গ্রামের মৃত মাওলানা আবদুর রহমানের দ্বিতীয় পুত্র এবং প্রবীন সাংবাদিক জাকের উল্লাহ চকোরীর মেজ ভাই।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজ জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সিরাজ-উদ্দৌলার নমুনা সংগ্রহের পর কক্সবাজারে পিসিআর ল্যাবে প্রেরণ করা হয় গত ১৮ মে। গত ২৪ মে রবিবার প্রকাশিত ফলাফলে তার করোনা পজিটিভ আসে। এতদিন ধরে তিনি বাড়িতেই থেকে চিকিৎসা নিচ্ছিলেন।
চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, করোনায় মারা যাওয়া ওই ব্যক্তির জানাজা, দাফন-কাফন যাতে করোনা বিধি অনুযায়ী হয় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

