কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকরা ইউনিয়নের হাজিয়ান ষ্টেশন সংলগ্ন এলাকায় নানীর হাতে নাতনি শারমিন আক্তার (১৬) নামে এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে গলা টিপে হত্যা করার অভিযোগ তুলে কিশোরীর পরিবার। শনিবার ১৪ মার্চ সকাল সাড়ে ১১টার সময় এ ঘটনা ঘটলেও প্রকাশ হয় দুপুর ১ টার দিকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে লাশ আনার পর।
জানা যায়, নিহত কিশোরী শারমিন আকতার (১৬) ডুলাহাজারা ইউপির ৩নং ওয়ার্ডের চা-বাগান গ্রামের মৃত কশেম মিয়ার মেয়ে। নিহতের মা সাজেদা বেগম বর্তমানে কাতারে প্রবাসি হিসেবে রয়েছে। নিহতের নানী ছকিনা খাতুন কাকরা ইউপির ৮নং ওয়ার্ডের হাজিয়ান ষ্টেশন সংলগ্ন এলাকার আবু ছৈয়দ মাঝির স্ত্রী।
নিহতের ফুফি শাহেনা আকতার ও দাদী লায়লা বেগম জানান, নিহত শারমিনের মা সাজেদা স্বামীর মৃত্যুর পর কাতারে প্রবাস জীবন কাটাচ্ছে। এমতাবস্থায় শারমিনকে পড়ালেখা করানোর নাম দিয়ে নিহতের সৎ নানী ও মামারা নিয়ে যায়। হঠাৎ কয়েকদিন ধরে শারমিন দাদী ও ফুফিকে ফোন করে বলেছিল নানার বাড়ী থেকে তাকে নিয়ে আসতে। কারণ সৎ নানী ও মামারা প্রতিনিয়ত শারীরিক নির্যাতন চালাচ্ছে। এদিকে ১৪ মার্চ দুপুরে শারমিনের মৃত্যুর খবর শুনে হাসপাতালে এসে দেখেন শারমিনের লাশ।
ডুলাহাজারা ইউপির প্যানেল চেয়ারম্যান শওকত জানান, নিহত শারমিনকে গলা টিপে হত্যা করা হয়েছে। এর আলামত স্বরুপ গলায় চিহ্ন রয়েছে বলে দাবী করেন। তাছাড়া নিহতের সৎ নানী তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনলে খবর পেয়ে সৎ নানী ছকিনা খাতুনকে আটক করে রাখে নিহতের পরিবারের আত্মীয় স্বজনরা।
চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ হাবিবুর রহমান বলেন, একজন কিশোরী লাশ হাসপাতালে আনা হয়েছে শুনে পুলিশ পাঠিয়েছি। কিভাবে তার মুত্যু হয়েছে সঠিক বলা যাচ্ছেনা। ময়না তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।








