নিউজটি শেয়ার করুন

চকরিয়ায় জায়গার বিরোধে পিতা-পুত্রকে কুপিয়ে জখম

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় জায়গা-জমির বিরোধ নিয়ে পিতা-পুত্রকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

বুধবার (২৩ডিসেম্বর) সকাল নয়টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রাজারবিল ডেইল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনায় আহত ব্যক্তিরা হলেন,ওই ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের রাজারবিল ডেইল পাড়া এলাকার নুরুচ্ছমদের ছেলে ফরিদুল আলম (৫৫) ও তার ছেলে শওকত ওসমান (২৮)।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রাজারবিল ডেইল পাড়া এলাকায় পৈত্রিক ও খরিদা জায়গায় বসতিস্থাপন করে দীর্ঘদিন যাবত পরিবার নিয়ে ভোগদখল করে আসছে নুরুচ্ছমদের ছেলে ফরিদুল আলম।

ওই জায়গা জোরপূর্বক ভাবে দখলে নিতে বেশ কয়েকবার চেষ্টা চালিয়ে আসছে একই এলাকার নুরুল আমিনের ছেলে নুরুল আবচার তার চাচা বেলাল উদ্দিন, আবচারের ভাই সাইফুল ইসলাম, নুরুল আজিম ও মো.হারুন।

ইতিপূর্বে বসতি জায়গা দখলের চেষ্টা ও হুমকি দেওয়ার ঘটনা নিয়ে ফরিদুল আলমের স্ত্রী বাদী হয়ে গত ৭ডিসেম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চকরিয়া ৪জনকে অভিযুক্ত করে ১০/১২জনকে অজ্ঞাতনামা আসামি করে সাধারণ ডায়েরি নং-২৮৬/২০২০দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় বসতি জায়গা নিয়ে অভিযুক্তরা বুধবার সকালে বসতভিটায় অনাধিকার প্রবেশ করে ফরিদুল আলম ও তার স্ত্রী আয়েশা ছিদ্দিকাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।

এতে ফরিদুল আলম প্রতিবাদ করলে অভিযুক্ত আসামীরা দেশীয় তৈরি ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ফরিদুল আলমের উপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। আহত ফরিদুল আলমকে তার ছেলে শওকত ওসমান ঘটনাস্থল থেকে উদ্ধার করতে গেলে তাকেও বেধড়ক মারধর করে গুরুতর জখম করে আহত করা হয়।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে আহত পিতা-পুত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

এ ঘটনায় ফরিদুল আলমের স্ত্রী আয়েশা ছিদ্দিকা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে রাতে চকরিয়া থানায় এজাহার দায়ের করেছে।

এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ঘটনার বিষয়ে রাতে একটি অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।