নিউজটি শেয়ার করুন

চকরিয়ায় ডাকাত সর্দার আনু নিহত

কক্সবাজারের চকরিয়া উপকূলের ত্রাস ১৭ মামলার পলাতক আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার আনোয়ার হোসেন ওরফে আনু ডাকাত (৪২) নিহত হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আনু ডাকাতের লাশ এবং একটি এলজি, চার রাউন্ড কার্তুজ ও ৯ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করেছে। এর আগে সশস্ত্র ডাকাতদলের বিবাদমান দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় একপক্ষের ছোড়া গুলিতে বিদ্ধ হয়ে অপর পক্ষে নেতৃত্ব দেওয়া উপকূলীয় চিংড়ি জোনের ত্রাস দুর্ধর্ষ ডাকাত সর্দার আনোয়ার হোসেন ঘটনাস্থলেই নিহত হয়।

বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের সুরাপজপুরের কালাইয়ার গোদা পাহাড়ি এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ডাকাত সর্দার আনোয়ার হোসেন ওরফে আনু ডাকাত চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের লাল মোহাম্মদ পাড়ার মুজিব উল্লাহ ওরফে কিনাইয়া ডাকাতের ছেলে।

পুলিশ জানিয়েছে, ডাকাত সর্দার আনোয়ার হোসেন ওরফে আনু উপজেলার উপকূলীয় চিংড়ি জোনের ত্রাস। তার বিরুদ্ধে খুনসহ ডাকাতি, হত্যা, অস্ত্র, সন্ত্রাসী কার্যকলাপ, পুলিশ অ্যাসল্ট, ডাকাতির প্রস্তুতিসহ ১৭টি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।

তন্মধ্যে ১৬টি মামলা চকরিয়া থানার এবং একটি মামলা মহেশখালী থানার। চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে সশস্ত্র ডাকাত দলের বিবাদমান দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার আনু নিহত হয়।

এ ঘটনায় থানায় একটি করে হত্যা ও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার আনু ডাকাতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।