Site icon CPLUSBD.COM

চকরিয়ায় নারীকে গাছে বেঁধে নির্যাতন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় সুদের টাকার জন্য গৃহবধু নুর আয়েশাকে গাছের সাথে বেঁধে মারধর,শারিরীক নির্যাতন, শ্লীলতাহানি ও অকথ্য ভাষায় গালিগালাজের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

বুধবার রাতে নির্যাতনের শিকার গৃহবধু নুর আয়েশা বাদী হয়ে শওকত ওসমানকে প্রধান আসামী করে আরো পাঁচ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় এ মামলাটি দায়ের করেন।

ওই মামলার এজাহারনামীয় দুই নম্বর আসামী জহির আহমদকে পুলিশ গ্রেপ্তার করলেও ঘটনার মূলহোতাসহ অন্যান্য আসামীরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়েছেন।

এজাহারনামীয় অন্য আসামীরা হলেন- চকরিয়া উপজেলা বরইতলী ইউনিয়নের হাফানিয়াকাটার মোরাপাড়ার সুদি শওকত ওসমানের মা সাফিয়া খাতুন (৫০), তার স্ত্রী শাহিনা আক্তার (২৩)সহ অজ্ঞাত আরো দুইজন।

এদিকে, বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান। এ সময় তিনি ভিকটিম ও তার পরিবারের সদস্য এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলেন এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারপূর্বক শাস্তির আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানান।

পরিদর্শনকালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া-পেকুয়া সার্কেল) তফিকুল আলম ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের সাথে ছিলেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, গৃহবধূর উপর নির্যাতন ও শ্লীলতা হানির ঘটনার মুলহোতা মামলার এজাহার নামীয় ১ নম্বর আসামী শওকত ওসমান পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। তবে এ মামলার ২ নম্বর আসামী জহির আহমদকে পুলিশ গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।