কক্সবাজার প্রতিনিধি: হানিফ পরিবহনের একটি বাস থেকে শপিং ব্যাগ হাতে নিয়ে চকরিয়া বাস টার্মিনালে নামছিল ছকিনা।
তার গতিবিধি সন্দেহ হলে হাতে থাকা ব্যাগে তল্লাশি করে পুলিশ। ব্যাগের ভেতর পাওয়া যায় ৯ হাজার ৮০০ পিস ইয়াবা।
এসব ইয়াবার আনুমানিক মূল্য ২৯ লাখ ৪০ হাজার টাকা বলে পুলিশের পক্ষ থেকে আনুমানিক ধারণা করা হয়।
আটক ছকিনা বেগম (৩৫) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের হাইম্মার ঘোনা এলাকার মৃত শামসুল আলমের স্ত্রী।
বুধবার (১০ মার্চ ) দুপুর সাড়ে ১২টায় চকরিয়া বাস টার্মিনাল এলাকায় এমন ঘটনাটি ঘটে।
মাদকসহ ছকিনাকে আটককারি কর্মকর্তা চকরিয়া থানার এসআই গোলাম সরোয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং আটক ওই নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান।








