চকরিয়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে স্কুলপড়ুয়া অষ্টম শ্রেণীর এক ছাত্রীর বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিদের্শে উপজেলার বদরখালী ইউনিয়নের ৩নং ব্লকের ছনুয়াপাড়া গ্রামে ওই স্কুল ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।
উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়।
স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে অষ্টম শ্রেণীর ছাত্রীর জন্ম নিবন্ধন সনদের খোঁজখবর নেওয়া হয়।
পরে মহেশখালী উপজেলা সহকারি কমিশনার ভূমির মাধ্যমে স্কুল ছাত্রীটির নিজ এলাকা ধলঘাটা ইউনিয়নের জন্ম নিবন্ধনের তথ্য যাচাই করা হয়।
তিনি আরও বলেন, স্কুল ছাত্রীর নিজ বাড়ি মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের জন্ম নিবন্ধনের যাচাই শেষে পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে তিনি উপস্থিত হন। মেয়ে পক্ষকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে জানানো হয়।
পরে কনের মা-বাবা, পাত্র ও তাঁর বাবাকে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জিম্মায় দিয়ে ১৮বছর আগে তাকে বিয়ে দেবে না মর্মে লিখিত মুচলেকা দেন।








