Site icon CPLUSBD.COM

চকরিয়ায় বাসের ধাক্কায় শিশু নিহত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মারিয়া মেহেরাজ নিহা নামে ৮ বছরের এক শিশু নিহত হয়েছে।

শনিবার(২২মে) সকাল সাড়ে ৯ টার দিকে কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলায় মালুমঘাট স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মারিয়া মেহেরাজ নিহা উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মধ্যমপাড়ার মাহাবুবুল আলমের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে নানার বাড়ি থেকে বেড়ানো শেষে মায়ের সাথে লেগুনা গাড়ি (ম্যাজিক) করে বাড়ি ফিরছিলো ডুলাহাজারা ইউনিয়নের মধ্যমপাড়ার মাহাবুবুল আলমের মেয়ে মারিয়া মেহেরাজ নিহা ও তার মা। নিহাদের বহনকারী গাড়িটি যাত্রী নামার জন্য মালুমঘাট স্টেশনে থামলে ওই সময় চকরিয়া থেকে কক্সবাজার অভিমুখে আরেকটি যাত্রীবাহী বাস লেগুনাটিকে ধাক্কা দিলে ভেতরে বসা নিহা গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে নিহাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালেও চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।ঘটনার পরপরই মালুমঘাট হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে।

মহাসড়কের মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. শাফায়াত হোসেন বলেন, লেগুনাটিকে চকরিয়া সার্ভিস নামে একটি বাস ধাক্কা দিলে এর শিশুযাত্রী নিহা গুরুতর আহত হয়। আহত ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

এ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।