সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভাঙ্গারমুখ এলাকায় ব্যাটারী চালিত রিকশা উল্টে মাওলানা রুহুল কাদের (৩২) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্সিলর মো. বেলাল উদ্দিন।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় এই ঘটনা ঘটে।
তিনি পৌরসভার পূর্ব নিজাপানখালী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে এবং ভাঙ্গারমুখ জামে মসজিদের ইমাম ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ি থেকে ভাঙ্গারমুখ এলাকায় যাচ্ছিলেন রুহুল কাদের। এ সময় বিপরীত দিক থেকে একটি ব্যাটারি চালিত রিকশা ছাদের উপর করে টিন নিয়ে যাচ্ছিলেন। ভাঙ্গারমুখ এলাকা পৌঁছলে রিকশাটি উল্টে গিয়ে টিন ছিটকে রুহুল কাদেরের গলায় গিয়ে পড়ে।
এ সময় তার গলার অর্ধেকাংশ কেটে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

