কক্সবাজারের চকরিয়ায় টিভি চ্যানেলের সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণার সময় পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। পরে তাদের কাছ থেকে পৃথক পৃথক মুচলেখা নিয়ে ছেড়ে দেয়া হয়।
শুক্রবার বিকেলে চকরিয়া পৌরশহরের বাঁশঘাট এলাকা থেকে থানার এসআই আবদুল বাতেনের নেতৃত্বে একদল পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন- বরিশালের উজিরপুর উপজেলার সাতালার শিবপুর এলাকার রাধেশ্যাম বিশ্বাসের ছেলে অমিউ বিশ্বাস (৩৮), একই উপজেলার দক্ষিণ সাতালা এলাকার স্বপন মজুমদারের ছেলে রনি মজুমদার (২৮), পিরোজপুর জেলার নাজিরপুর থানার জঞ্জনিয়া এলাকার খাজেম আলী হাওলাদারের ছেলে অহিদুল ইসলাম (৩৫), মুন্সিগঞ্জ জেলার সিরাজীখান থানার রাজানগর এলাকার মিজানুর রহমানের ছেলে আবিদুর রহমান (২৬) এবং গাজীপুর জেলার কালীগঞ্জ থানার সমিউরী এলাকার আতিকুর রহমানের ছেলে মাসুম মিয়া (৩৮)।
খোঁজ নিয়ে জানা গেছে, চ্যানেল সিআইএন টিভির সাংবাদিক পরিচয় দিয়ে বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন জেলা-উপজেলায় চেয়ারম্যান-মেম্বার থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে টাকা আদায় করছে এই পাঁচ যুবক। গত কয়েকদিন আগে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় সিআইএন টিভিতে লাইভ নিউজ সম্প্রচার করা হবে বলে জনপ্রতিনিধিসহ বেশ কয়েকজন ব্যক্তির কাছ থেকে টাকা আদায় করে। শুক্রবার সকালে তারা চকরিয়া পৌরশহরের একটি আবাসিক হোটেলে রুম ভাড়া নেয়। পরে তারা চকরিয়ায় বিভিন্ন জনের কাছ থেকে সাংবাদিক পরিচয় দিয়ে টাকা আদায় করার খবর চকরিয়া থানার ওসি মো.হাবিবুর রহমানকে জানান স্থানীয় লোকজন।
পরে থানার এসআই আবদুল বাতেনের নেতৃত্বে একদল পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, অনলাইন ভিত্তিক সিআইএন টিভির সাংবাদিক পরিচয় দিয়ে বিনা অনুমতিতে চকরিয়ায় প্রবেশ করে সংবাদ সংগ্রহসহ নানা অপরাধ করছে বলে আমার কাছে খবর আসে। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসি। তিনি আরও বলেন, তারা তাদের অপরাধ স্বীকার করায় মুচলেখা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। ভবিষ্যতে তারা এই ধরনের কোন কর্মকান্ডের সাথে জড়িত হবেনা বলেও জানান। এসময় স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

