নিউজটি শেয়ার করুন

চকরিয়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হলেন জেসি চৌধুরী

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তে দীর্ঘ ৬মাস পর অবশেষে চকরিয়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হয়েছে ভাইস চেয়ারম্যান (মহিলা) জেসমিন হক জেসি চৌধুরী।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘স্থানীয় সরকার বিভাগ’ এর (উপজেলা-১ শাখা) সিদ্ধান্ত মোকাবেক গত ৩০ অক্টোবর স্বাক্ষরিত পত্রটি জারি করা হয়।

মন্ত্রণালয় ও উপজেলা পরিষদের পত্র সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৮মার্চ চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, ভাইস চেয়ারম্যান (পুরুষ) মকছুদুল হক ছুট্টু, ভাইস চেয়ারম্যান (মহিলা) জেসমিন হক জেসি চৌধুরী ২৫এপ্রিল চট্টগ্রাম সার্কিট হাউসে শপথ গ্রহণ করেছেন। ৮ মে পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথম সভায় প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচনের মাধ্যমে গঠনের নিয়ম থাকলেও কোনো সিদ্ধান্ত পৌঁছাতে পারেনি পরিষদ। এতে প্রায় ৬মাস ধরে প্যানেল চেয়ারম্যান ছাড়া উপজেলা পরিষদ কার্যক্রম পরিচালিত হয়েছে। গত ৩০ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখা উপ-সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত স্মারক নং- ৪৬.০৪৬.০২৬.০০.০০.৩৫১.২০১৮.৯৩৩ এর পত্র দ্বারা চেয়ারম্যান প্যানেল গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (১৯৯৮ সনের ২৪নং আইন) এর ধারা ১৫ (১) অনুসারে কক্সবাজার চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্যানেল গঠন করা হয়নি। ফলে একই আইনের ধারা ১৫ (৫) অনুসারে সরকার কর্তৃক চেয়ারম্যান প্যানেল গঠন করা হয়। সেখানে প্যানেল চেয়ারম্যান-১ হয়েছেন ভাইস চেয়ারম্যান (মহিলা) জেসমিন হক জেসি চৌধুরী। প্যানেল চেয়ারম্যান-২ হয়েছেন ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্ট।

চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) প্যানেল চেয়ারম্যান-১ জেসমিন হক জেসি চৌধুরী বলেন, ‘পত্রটি হাতে পেয়েছি। পরিষদের সবাইকে নিয়ে চকরিয়াকে একটি আধুনিক উপজেলায় রূপান্তর করতে কাজ করে যাব।