Site icon CPLUSBD.COM

চকরিয়া বেতুয়া বাজার-বাগগুজারা সড়কে কার্পেটিং কাজে অনিয়ম!

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার জনতা মার্কেট-বেতুয়া বাজার-বাগগুজারা সড়কে কার্পেটিং কাজের মান নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কাজের নিয়োগপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান বৃষ্টির দিনেও রাস্তায় কাজের গুণগত মান ঠিক না রেখে দিব্যি কাজ চালিয়ে যাচ্ছেন এমনই অভিযোগ তুলেছে স্থানীয় এলাকাবাসী। রাস্তার দু’পাশে সাউড সোল্ডার ভরাট না করে ও রাস্তায় এজিং না বসিয়ে পুরাতন খানাখন্দের সৃষ্টি গর্তের মধ্যে শুধু মাত্র বালি দিয়ে কোন ধরণের ফিনিশিং কিংবা পরিস্কার না করে ময়লা ও কাঁদাযুক্ত রাস্তার মধ্যে কার্পেটিং কাজ অব্যাহত রয়েছে। নিম্নমানের কার্পেটিং ব্যাপক অনিয়ম নিয়ে এলাকার সচেতনমহল ফুঁসে উঠেছে। বিশেষ করে রাস্তায় দু’পাশে জমে থাকা পানির মধ্যে ও কাদাযুক্ত বালির ওপরে প্রাইম কোট মেরে স্থানীয়দের কারো কথা তোয়াক্কা না করে সড়ক ও জনপদ বিভাগের কর্মচারীর উপস্থিতিতে অবৈধ পন্থায় অনিয়মের মাধ্যমে কাজ করে যাচ্ছে। এ নিয়ে এলাকার সচেতন মহল রাস্তার কাজের ব্যাপারে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ আলহাজ জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।