সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নবনির্মিত ভবনে ১০টি ভেন্টিলেটরযুক্ত আইসিইউ ও সেন্ট্রাল অক্সিজেন সুবিধাসহ ৬০ বেড নিয়ে করোনা রোগীদের জন্য চিকিৎসা কার্যক্রম শুরু করেছে।
শনিবার (৬ জুন) বেলা ১২ টায় টেলিকনফারেন্সের মাধ্যমে এই করোনা ইউনিট উদ্বোধন করা হয়।
উদ্বোধক ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপ মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামালসহ মা ও শিশু হাসপাতালের দ্বায়িত্বশীল ব্যক্তিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার।
হাসপাতাল সূত্রে জানা যায়, এই হাসপাতালে ইতোমধ্যে করোনা আক্রান্ত কিংবা করোনা উপসর্গ থাকা রোগীদের চিকিৎসায় ভেন্টিলেটরযুক্ত আইসিইউ স্থাপন করা হয়েছে ১০টি। অত্যাধুনিক সুযোগ-সুবিধা দিয়ে আইসোলেশনের জন্যও প্রস্তুত করা হয়েছে ২০টি শয্যা। পাশাপাশি স্থাপন করা হয়েছে ৩০ শয্যার ফ্লু কর্নার। একই সাথে করোনা রোগী পরিবহণের জন্য যুক্ত হচ্ছে অত্যাধুনিক দুইটি অ্যাম্বুলেন্স। আগামী কয়েকদিনের মধ্যে শয্যার সংখ্যা ১০০ করা হবে।
চট্টগ্রাম নগরীতে বেসরকারি হাসপাতালগুলো করোনা রোগী দূরের কথা, যখন করোনা উপসর্গ নিয়ে আসা রোগীদেরও চিকিৎসা দিচ্ছে না তখনই নিজ তাগিদে এই হাসপাতাল এগিয়ে আসায় সাধুবাদ জানিয়েছে বিশিষ্টজনেরা।

