সিপ্লাস প্রতিবেদক: প্রথম ধাপে দুই কিস্তিতে দেশের ৩৬৪টি ইউপিতে ভোট হয়েছে। প্রথম ধাপে ভোট অনুষ্ঠানে তফসিল ঘোষণা হলেও করোনার কারণে দুই দফায় তা সম্পন্ন হয়। গত ২০ জুন ২০৪টি এবং ২০ সেপ্টেম্বর ১৬০টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়।
আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে চট্টগ্রাম সহ সারা দেশের মোট ৮৪৮টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে ভোট নেয়া হবে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তথ্য জানান।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর।
ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার জানান, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোটগ্রহণ ১১ নভেম্বর।
দ্বিতীয় দফায় বিভাগওয়ারী ইউনিয়নগুলোর মধ্যে রংপুরে ৮৪টি, রাজশাহীতে ১১২টি, খুলনায় ১৩৩টি, বরিশালে ৪৮টি, ময়মনসিংহে ৮৪টি, ঢাকায় ১৭৬টি, সিলেটে ৪৬টি, চট্টগ্রামে ১৬৫টি মিলে মোট ৮৪৮ পরিষদে নির্বাচন হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আমরা কাজ করছি। আগামী সপ্তাহে কমিশনের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিলের সিদ্ধান্ত আসতে পারে।
ডিসেম্বরের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্ঠিত হবে বলে অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান। তবে কত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করা হবে এ বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি।
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে চট্টগ্রামের তিনটি উপজেলার সবকটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা তিনটি হল: মীরেরসরাই,সীতাকুন্ড ও ফটিকছড়ি । এই তিন উপজেলার প্রায় সবকটি ইউনিয়ন পরিষদে নির্ধারিত দিনে একই সাথে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আঞ্চলিক নির্বাচন অফিস, চট্টগ্রাম অঞ্চলের জেলা কর্মকর্তা জাহাংগীর আলম বিষয়টি সিপ্লাসকে নিশ্চিত করেন।
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সীতাকুণ্ড উপজেলার মোট ১০টি ইউনিয়নের ৯টি ইউনিয়নে, মীরেরসরাই উপজেলার মোট ১৬টি ইউনিয়নের ১৪টিতে, এবং ফটিকছড়ি উপজেলার মোট ২০টি ইউনিয়নের ১৪টি সহ চট্টগ্রাম জেলায় মোট ৩৭টি ইউনিয়ন পরিষদে দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর।
বর্তমানে দেশে ইউপি সংখ্যা ৪ হাজার ৪৮৩টি। এর সবগুলোরই মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। গত ২১ মার্চ মেয়াদ শেষ হয় ৭৫২ ইউপির, ৩০ মার্চ ৬৮৪ ইউপির, ২২ এপ্রিল ৬৮৫ ইউপির, ৬ মে ৭৪৩ ইউপির, ২৭ মে ৭৩৩ ইউপির এবং গত ৩ জুন ৭২৪ ইউপির মেয়াদ শেষ হয়েছে। কিন্তু করোনা ভাইরাসের কারণে সময় মতো নির্বাচন করা সম্ভব হয়নি।

