Site icon CPLUSBD.COM

চট্টগ্রামের পাহাড়তলীতে হচ্ছে এফডিসির শাখা

ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক: চট্টগ্রামে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বা এফডিসির শাখা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের অব্যবহৃত জায়গায় নির্মাণ করা হবে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনকে (বিএফডিসি) চট্টগ্রামে শাখা স্থাপনের জন্য এক একর জমি হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ।

গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বিটিভি’র মহাপরিচালক সোহরাব হোসেন এবং বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন এ বিষয়ক দলিলে স্বাক্ষর করেন।

দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

চট্টগ্রামে এফডিসিকে জায়গা দেওয়ার জন্য বিটিভিকে ধন্যবাদ জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রামে এফডিসির একটি স্থাপনা সমগ্র দক্ষিণাঞ্চলের মানুষের জন্য আনন্দ ও উৎসাহের।  চলচ্চিত্রের শুটিং স্পট এবং অন্য স্থাপনা নির্মাণে পরিবেশ ও প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করে নান্দনিকতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন মন্ত্রী।

এদিকে জমি হস্তান্তরের উদ্দেশ্য সফল করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।