জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের এক সময়কার মাঠ কাঁপানো কৃতি ফুটবলার ও সংগঠক সজল কান্তি বড়ুয়া বুধবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ড ইছাখালীস্থ নিজ ঘরে মৃত্যুবরণ করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য ভক্ত আত্মীয়স্বজন রেখে যান। একই দিন বিকেলে নিজ বাড়িতে সংক্ষিপ্ত অনিত্যসভা শেষে অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
সজল বড়ুয়া ঐতিহ্যবাহী চট্টগ্রাম মোহামেডানসহ দেশের শীর্ষ ফুটবল ক্লাবের হয়ে চট্টগ্রাম ও ঢাকায় সুনামের সাথে ফুটবল খেলেছেন। তিনি পাকিস্তান আমল থেকে চট্টগ্রাম মোহামেডেন, ইয়ং স্টার ক্লাব, ওয়াপদা ক্লাবসহ বিভিন্ন দলের হয়ে খেলেছেন। সর্বশেষ ১৯৭৭/৭৮ সালের দিকে চট্টগ্রাম পৌরসভার হয়ে খেলে তার খেলোয়াড়ী জীবনের ইতি টানেন। এরমধ্যে তিনি ১৯৬৭ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত ওয়াপদা ক্লাবের হয়ে ঢাকা লীগেও অংশ নেন।
খেলোয়াড় হিসেবেই তিনি কাপ্তাইয়ে ওয়াপদায় চাকুরী করেছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আ জ ম নাছির উদ্দীন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ আলী আব্বাস ও সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মো. আলমগীর, চট্টগ্রাম আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ দিদারুল আলম চৌধুরী, সাবেক কৃতি ফুটবলার ও অ্যাথলেট-সিজেকেএস’র সিনিয়র কাউন্সিলর ডেরিক র্যান্ডলফ, চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির আহবায়ক মো. হাফিজুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লেদু, সিডিএফএ সভাপতি এস এম শহিদুল ইসলাম, সহ-সভাপতি তাহেরুল আলম চৌধুরী স্বপন, ও কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মোহামেডানের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সাবেক কৃতি ফুটবলার ও সিজেকেএস কাউন্সিলর মসিউল আলম স্বপন, চট্টগ্রাম ডায়নামিক ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক হায়দার কবির প্রিন্স, সিডিএফএ নির্বাহী সদস্য এরশাদ আলী খান ভুট্টো, মোহাম্মদ ইসহাক, কাজী জসিম উদ্দিন প্রমুখ।
এদিকে সাবেক কৃতি ফুটবলার ও সংগঠক সজল কান্তি বড়ুয়ার মৃত্যুতে রাঙ্গুনিয়ার ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি রাঙ্গুনিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালনসহ রাঙ্গুনিয়ার ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছিলেন।
তার মৃত্যুতে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী, রাঙ্গুনিয়া পৌসভার মেয়র শাহাজাহান সিকদার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি আকাশ আহমেদ, সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, রাঙ্গুনিয়া খেলোয়াড় সমিতির সভাপতি পেয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, রাঙ্গুনিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হারুন আল রশিদ, কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠাতা আব্দুল করিম চৌধুরী, পোমরা ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠাতা জোনাইদুল আলম চৌধুরীসহ বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

