সিপ্লাস প্রতিবেদক: কৃত্রিম রং মেশানো ডাল ও ফল, উৎপাদন তারিখ বিহীন শিশু খাদ্য, অননুমোদিত রং, মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য ও ঔষধ বিক্রি করায় ১৩ প্রতিষ্ঠানকে ১লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার(১৭ জুলাই) নগরীর বহদ্দারহাট, টেকনিক্যাল মোড় বাজার, ২ নম্বর গেইট, কালামিয়া বাজার ও ওমর আলী মাতব্বর সড়ক এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
এপিবিএন-৯ এর সহায়তায় অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।
অভিযানে নগরীর বহদ্দার হাট কাঁচাবাজার এলাকার নিউ লাইফ ডিপার্টমেন্টাল স্টোরকে ২০ হাজার টাকা, সাফায়েত স্টোরকে ৫ হাজার টাকা, আজমীর স্টোরকে ৩হাজার টাকা, জাহাঙ্গীর সওদাগরের মাংসের দোকানকে ২ হাজার টাকা, দিদারের সবজির দোকানকে ৩ হাজার টাকা ও মামুনের সব্জির দোকানকে ৩ হাজার টাকা, নিউ শাহজালাল স্টোরকে ৫ হাজার টাকা, একে শপকে ৮ হাজার টাকা, গুগল মার্টকে ৪০ হাজার টাকা, আল নজীর ফার্মেসিকে ২০ হাজার টাকা, চক বাজার এলাকার ওমর আলী মাতব্বর সড়কের রতন স্টোরকে ৩০ হাজার টাকা এবং মহিউদ্দিন স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।








