বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) আইসোলেশনে থাকা ১ রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।
তিনি বাংলানিউজকে বলেন, সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বিআইটিআইডিতে পাঠানো হয়। ওই রোগীর বয়স ৫০ থেকে ৬০ এর মধ্যে। বিদেশ ফেরত বা করোনা আক্রান্ত কারো সঙ্গে মেলামেশা করার তথ্য নেই। তারপরও আমরা টেস্ট করিয়েছি। রেজাল্ট জানা যাবে।
তিনি আরও বলেন, রোগীটি আগে থেকেই ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সেই সঙ্গে হাঁপানিও ছিল। তাই তাকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তার কোনো জ্বর বা সর্দি ছিল না।
প্রসঙ্গত, গত চব্বিশ ঘণ্টায় ৬টি নমুনা পরীক্ষা করা হয় বিআইটিআইডিতে। এখন পর্যন্ত ৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।








