নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দেশে ফেরা আরও ৬০ জনকে চট্টগ্রামে ‘হোম কোয়ারেন্টিনে’ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী মিয়া বুধবার বলেন, এই ৬০ জনের মধ্যে ৫৬ জন ওমরাহ করে মঙ্গলবার সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। আর চারজন এসেছেন অন্য দেশ থেকে।
“তারা সবাই সুস্থ আছেন। কোনো লক্ষণ এখনও নেই। তারপরও সতর্কতার অংশ হিসেবে তাদের বাসায় কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।”
এর আগে দুবাই ও ইতালিফেরত ৩১ জনকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছিল চট্টগ্রামে। সব মিলিয়ে বিদেশফেরত মোট ৯১ জনকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হল।
বিশ্বের ১৬০টির বেশি দেশে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছে প্রায় দুই লাখে; মৃতের সংখ্যা আট হাজারের ঘর ছুঁইছুঁই করছে।
এই পরিস্থিতি বিশ্বের অনেক দেশ চলফেরা ও জনসমাগমে বিধিনিষেধ আরোপ করেছে, বাংলাদেশেও সব স্কুল বন্ধ করে দেওয়ার পাশাপাশি বিদেশফেরত সবাইকে ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানোর ব্যবস্থা হয়েছে।
এই নির্দেশনা না মানলে জেল-জরিমানার বিধান থাকার কথা জানিয়ে সতর্ক করে আসছে সরকার। চট্টগ্রামে আইন শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে নজরদারি করছে বলে চট্টগ্রাম নগর পুলিশের বিশেষ শাখার উপ-কমিশনার আব্দুল ওয়ারিশ জানিয়েছেন।
তিনি বলেন, “জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে যাদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে, তারা সঠিকভাবে আছে কিনা সে বিষয়গুলো নিয়ে পুলিশ খবরাখবর নিচ্ছে।”
তিনি বলেন, “সংশ্লিষ্ট থানাগুলোকে বলে দেওয়া হয়েছে। বিদেশফেরত যাদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন বাসা থেকে বের হয়ে সাধারণ মানুষের সাথে মেলামেশা না করে, সেটার খবরাখবর রাখা হচ্ছে।”
বিভিন্ন উপজেলাতেও নির্বাহী কর্মকর্তা ও এবং থানা পুলিশ এ বিষয়ে নজর রাখছে বলে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মহিউদ্দিন মাহমুদ সোহেল জানিয়েছেন।

