নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে ইট বিক্রি বন্ধের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি ঘোষণা

সিপ্লাস প্রতিবেদক: ইটভাটা বন্ধের প্রতিবাদে ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণ ও ১ মার্চ চট্টগ্রামের ইটভাটা শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন হবে বলে জানিয়েছেন ইসমাইল হোসেন।

অনির্দিষ্টকালের জন্য ইট বিক্রি বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম জেলা ইটভাটা মালিক সমিতি।

চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শনিবার দুপুর ১২টায় এই ঘোষণা দেন জেলা ইটভাটা মালিক সমিতির আহ্বায়ক ইসমাইল হোসেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, চট্টগ্রামে ৫০০ ইটভাটা রয়েছে। এ সব ভাটায় প্রায় ৬ লাখ শ্রমিক কাজ করে। কিন্তু কোনো ধরনের ঘোষণা ছাড়াই এসব ইটভাটা বন্ধ করে দেয়া হচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক। এই খাতে ব্যবসায়ীদের কোটি কোটি টাকা বিনিয়োগ রয়েছে।

তিনি আরও বলেন, ‘ইটভাটা বন্ধের ঘোষণার প্রতিবাদে আমরা অনির্দিষ্টকালের জন্য ইট বিক্রি বন্ধ রাখব।’

প্রতিবাদ কর্মসূচীর অংশ হিসেবে ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণ ও ১ মার্চ চট্টগ্রাম জেলার ইটভাটা শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মানববন্ধন হবে বলে জানিয়েছেন ইসমাইল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংবাদসেম্মেলনের সমন্বয়কারী এস এম শহীদ উল্লাহ রনি, ফটিকছড়ি মালিক সমিতির সমন্বয়ক ইসমাইল হোসেন, প্রধান সমন্বয়কারী শাহেদ উল্লাহ জনি, রাঙ্গুনিয়া ইট ভাটা মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন, রাউজানের আজিজুল হক, কর্ণফুলীর জহির আহমেদ, চন্দনাইশের আবদুল রহিম বাদশা, সাতকানিয়া ফরিদুল আলম, লোহাগাড়া আমির হোসাইন, আনোয়ারা মইন উদ্দিন বাশখালী জয়নাল আবেদীন জন্টু, মিরশরাই সাইফুল ইসলাম খোকন, কামাল উদ্দিন চৌধুরীসহ প্রমুখ।

প্রসঙ্গত, অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) উচ্চ আদালতে রিট আবেদন করে। ওই রিটের শুনানিতে গত বছরের ১৪ ডিসেম্বর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া গড়ে ওঠা সব ইটভাটা সাত দিনের মধ্যে বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে যেসব ইটভাটা জ্বালানি হিসেবে কাঠ ও পাহাড়ের মাটি ব্যবহার করছে তাদের তালিকা দেয়ারও নির্দেশ দেয় আদালত।