নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে ইয়াবাসহ আটক ৩

নগরীর আকবরশাহ থানার বিশ্বকলোনী ও কালুশাহ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটক তিনজন হলেন- মো. মনির (২৮), মো. আলমগীর (৩০) ও মো. খোকন (৩০)।

সোমবার (০৪ নভেম্বর) বিকেলে ও রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মনিরের বাড়ি ফেনী, আলমগীরের বাড়ি কুমিল্লা ও খোকনের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, সোমবার বিকেলে আকবরশাহ থানার বিশ্বকলোনী এলাকায় অভিযান চালিয়ে মনির ও আলমগীরকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

‘পরে আলমগীরের দেওয়া তথ্যে বিশ্বকলোনী এইচ ব্লকে তার বাসা থেকে আরও ৩৩ হাজার ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে নগদ টাকা ও কয়েকটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।’

কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, এর আগে সোমবার রাতে আকবরশাহ থানার কালুশাহ এলাকায় চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে খোকনকে গ্রেফতার করা হয়। বাসে তার সঙ্গে থাকা একটি বস্তা থেকে ১০ প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয়। ১০টি প্যাকেটে প্রায় ২০ হাজার পিস ইয়াবা থাকার কথা জানিয়েছে খোকন।